ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ গ্রেপ্তার ৯

সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ গ্রেপ্তার ৯
×
×

কয়লাবোঝাই কার্গো

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:০১

সুন্দরবনের ভোলা নদী থেকে ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। সোমবার সকালে অবৈধভাবে কয়লা পরিবহন ও বনে অনুপ্রবেশের অভিযোগে ‘হাসান ভান্ডারী’ নামের কার্গোটি আটক করা হয়। জব্দ কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বন বিভাগ সূত্রে জানা যায়, কার্গোটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে পাথরঘাটার আমুয়া এলাকায় যাচ্ছিল। এ সময় বন বিভাগের টহল দল কার্গোটি আটক করে। কয়লা কেনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়লাসহ কার্গোটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মো. সুমন তালুকদার (২১), মো. নূর নবী হোসেন (৪২), মো. এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মো. মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও মো. কবির হোসেন (৪৫)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় বন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বাদী হয়ে শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের ধারণা, মোংলার জয়মনি এলাকায় নোঙর করা মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে কয়লাগুলো খালাস করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×