শ্বশুরবাড়ি থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
আলী রেজা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২১:১৪
শেরপুর জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলী রেজা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের ঢাকলহাটি এলাকায় শ্বশুরবাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত আলী রেজা সদর উপজেলার বাগরাকশা এলাকার শহিদুল ইসলাম কালুর ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর লুৎফর রহমানের ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন আলী রেজা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানা গেছে। আজ সকালে শ্বশুরবাড়ির লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং ফোন করে পরিবারের সদস্যদের জানায়, আলী রেজা আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ট্রাক টার্মিনাল বউবাজার এলাকার বাসিন্দা মুক্তা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, আলী রেজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অনেকের ধারণা, তাকে হত্যা করে পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের চাচা একাব্বর ও ভাই আলী হাসান অভিযোগ করেন, পরিবারের অমতে বিয়ের জেরে পরিকল্পিতভাবে আলী রেজাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল নিজের ফেসবুক পোস্টে আলী রেজাকে ‘নৃশংসভাবে হত্যা করা হয়েছে’ দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছেন।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কেউ আত্মহত্যার কথা বলছেন, আবার কেউ হত্যার অভিযোগ করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও জানান, মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
- বিষয় :
- শেরপুর
- ছাত্রদল
- মরদেহ উদ্ধার
- আত্মহত্যা
- হত্যা