ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নিবন্ধিত ৫৯ দলকে চিঠি 

৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ ইসির 

৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ ইসির 
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২১:৩৩

নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলকে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে তাদের ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব (বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইসিতে নিবন্ধিত ৫৯টি দলকেই তাদের অডিট রিপোর্টসহ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। আইনি বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে সব রাজনৈতিক দলের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

তবে ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন কর্মকর্তা জানান, ৩১ জুলাই শুক্রবার। এক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। 
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকাবর্ষের বার্ষিক আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

জুলাইয়ের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করবে ইসি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জুলাইয়ের মধ্যে নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে ইসি।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে ইসি। রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে তাদের কাছেও চিঠি পাঠানো হয়েছে। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত করে ফেলবো।
 
তিনি বলেন, এছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ চলছে। এটাও জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।’

নির্বাচনী ব্যয়ের হিসাব ওয়েবসাইটে আপলোড হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে সাতটি দল ইসির কাছে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে। আরপিওতে বিধান থাকা সত্ত্বেও ইসি এখনও দলগুলোর নির্বাচনী ব্যয়ের তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি।

নির্বাচনী ব্যয়ের প্রতিবেদনগুলো কেন এখনো প্রকাশ করা হয়নি- এমন প্রশ্নের জবাবে আবদুর রহমানেল মাছউদ বলেন, এগুলো আপলোড করার নির্দেশনা শিগগিরই দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো কী করছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। আমরা আইন মেনে চলব।

যে সাতটি দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়ে হিসাব জমা দিতে বলেছি। এরপরও তারা ব্যর্থ হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

আরও পড়ুন

×