রাজধানীতে হালকা বৃষ্টিপাতেই অনেক ভোগান্তি
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২২:৫১
রাজধানীতে একটু ভারী বৃষ্টিপাত হলেই তা অসহনীয় ওঠে নগরবাসীর জন্য। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। ১২ ঘণ্টায় মাত্র ৪৬ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতেই নাস্তানাবুদ অফিসগামী যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দিনের প্রথম ভাগেই শুরু হয় বর্ষণ। কিছু সময় বিরতি দিয়ে দুপুর পেরোনোর সঙ্গে সঙ্গেই আকাশ যেন অন্ধকার হয়ে আসে। আবার কিছু সময়ের জন্য শুরু হয় ভারী বর্ষণ। তারপর টানা ঝিরঝিরে বৃষ্টি। অফিস থেকে বেরিয়েই ঘরমুখী মানুষকে পড়তে হয় বিপাকে। রাস্তাঘাট কাদাপানিতে সয়লাব হয়ে যায়। রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। প্রধান সড়কে তৈরি হয় যানজট।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতেই অনেক এলাকায় পানি জমে যায়। কিছু এলাকায় হাঁটুপানি জমে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়ে দেখা দেয় যানজট।
রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, মিরপুরের কালশী, ১০ নম্বর, কারওয়ান বাজার, গ্রিনরোড, মালিবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, মাঝারি বৃষ্টিতেই ওইসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ধানমন্ডির বাসিন্দা কাওসার হোসেন বলেন, জিগাতলা থেকে হাজারীবাগ যাওয়ার এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আশপাশে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রয়োজনে নিউমার্কেট আসা গ্রিনরোডের বাসিন্দা নুরুন নাহার বলেন, কিছু কেনাকাটার জন্য এসেছিলাম। কিন্তু ফেরার পথে রাস্তার কয়েক স্থান একেবারে ডুবে ছিল। রিকশায় চলতে ভয় করছিল।
শেওড়াপাড়ার বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, সকালে ছাতা না নিয়ে বের হওয়ায় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। স্বল্প দূরত্বের জায়গায় যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হয়েছে।