ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিবাদ সমাবেশে বক্তারা

সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান উদ্বেগজনক

সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান উদ্বেগজনক
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২১:৫৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী আমেরিকার জাতীয় দিবস জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজন জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের বর্তমান সরকারের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তাদের দূতাবাসে না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে পেরেছে। 

মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও এর আগে মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার আহ্বায়ক প্রদীপ সরকার।

সমাবেশে বক্তারা বলেন, গত ৪ জুলাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সরকারি দলের চিফ হুইপ যুক্তরাষ্ট্রের প্রশংসা করে বক্তব্য রেখেছেন। এ ঘটনা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং দেশবাসীর অনুভূতির প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শনের শামিল।

তারা আরও বলেন, জাতীয় সংসদ ভবন আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী। মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতম গণহত্যাকে তৎকালীন মার্কিন প্রশাসন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে এড়িয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালে নিক্সন-কিসিঞ্জার প্রশাসন গোপনে পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহযোগিতা দিয়েছিল। ডিসেম্বরে মুক্তিযুদ্ধের বিজয় যখন দ্বারপ্রান্তে তখন তারা পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সপ্তম নৌবহর পাঠিয়েছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের এ ভূমিকা দেশবাসী আজও তীব্র ঘৃণার সঙ্গে স্মরণ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির নামে বাংলাদেশের ওপর গোলামি-চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশকে তাদের সাম্রাজ্যবাদী ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার জন্য অব্যাহত ষড়যন্ত্র চলছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিবাদ-প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন বাসদ নেতারা।

আরও পড়ুন

×