ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম
×

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২১:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু বিএনপি সরকার সেই গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তালতলা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরে পদযাত্রা হয়।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ৬-৭ মাস আলোচনা করে জুলাই সনদ পরিণত হয়। সেই জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ একসঙ্গে হয়। সেই নির্বাচনে ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার গঠনের পর সেই সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। সংস্কার জনগণের ম্যান্ডেট।

তিনি আরও বলেন, ‘আমরা কেন সংস্কার চাই? কারণ পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়ে যায়। নির্বাচনের আগে বিএনপি সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এমনকি ঘোষিত বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।’

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে তার প্রতিফলন দেখা যায়নি। বরং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সীমান্তে আমাদের ভাইবোনদের হত্যা করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে ঠেলে পাঠানো (পুশইন) হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আমরা পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দিয়েছি। এক দলকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলন করেনি।

সমাবেশে সখীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনছার আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম প্রধান সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।

আরও পড়ুন

×