জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০০:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:৫১
জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে মন্ত্রীপরিষদের সদস্যরা শোক ও সমবেদনা জানিয়েছেন।
পৃথক শোক বার্তায় তারা এ গুণী শিক্ষাবিদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
এক শোক বার্তায় শিল্পমন্ত্রী বলেন, 'ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য-প্রযুক্তিবিদ হিসেবে তার সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিস্তৃত ছিল। বিরল প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদের মৃত্যুতে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল।'
এক শোক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক বটবৃক্ষের নাম। জামিল স্যারের মৃত্যুতে বাংলাদেশ একজন অসম্ভব গুণী মানুষকে হারাল। আর আমি হারালাম একজন আমার শুভাকাঙ্ক্ষীকে।'
সোমবার রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
- বিষয় :
- জামিলুর রেজা চৌধুরী
- শোক
