ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কর্মময় জীবন

কর্মময় জীবন
×

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামিলুর রেজা চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০২:২৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০২:৪৪

জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী আর নেই। মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন তিনি।

এ বছরের ১ মার্চ সমকালের প্রিন্ট সংস্করণের ফিচার পাতা 'প্রিয় পদরেখা'য় সিরাজুল ইসলাম আবেদের এই লেখাটি প্রকাশিত হয়। লেখাটি পুনঃপ্রকাশিত হলো-

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১৫ নভেম্বর। জন্মস্থান সিলেট। বাবা পুরপ্রকৌশলী আবিদ রেজা চৌধুরী এবং মা হায়াতুন্নেছা চৌধুরী। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ইঞ্জিনিয়ারিং পড়েন আহছানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। ১৯৬৩ সালে তিনি প্রথম শ্রেণিতে অনার্সসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন।

বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশের পরের দিন নিয়োগপত্র ছাড়াই বিভাগীয় প্রধানের নির্দেশক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে শুরু করেন তিনি। ওই বছর নভেম্বর মাসে পুরকৌশল বিভাগে অফিসিয়ালি প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে বার্মা অয়েল কোম্পানির বৃত্তি নিয়ে চলে যান ইংল্যান্ডে।

১৯৬৫ সালে সাউদাস্পটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি করেন অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। থিসিসের বিষয় ছিল, কংক্রিট বিমে ফাটল। ১৯৬৮ সালে তিনি কম্পিউটার এইডেড ডিজাইন অব হাইরাইজ বিল্ডিং বিষয়ের ওপর পিএইচডি করেন। পিএইচডি শেষ করে দেশে ফিরে তিনি বুয়েটের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। 

২০০১ সাল পর্যন্ত বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ থেকে বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক ছিলেন প্রায় ১০ বছর। ১৯৭৯ সালে ব্যাংককে ইউএনইএসসিএপি-এ কয়েক মাস পরামর্শক হিসেবে ছিলেন। ১৯৭৪-৭৫ সালে কমনওয়েলথ ফেলোশিপ নিয়ে তিনি যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন।

২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআইটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ছিলেন ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যুক্তরাজ্যের সিভিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফেলো নির্বাচিত হন ১৯৯৪ সালে। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ফেলো।

১৯৯২ থেকে ১৯৯৩ পর্যন্ত তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি ছিলেন। বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্ত আছেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে। অধ্যাপক চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনের সফটওয়্যার রপ্তানি এবং আইটি সার্ভিস রপ্তানি সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান ছিলেন ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত। তিনি ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সদস্য ছিলেন। 

এ ছাড়া তিনি আরও অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। একই সঙ্গে এ দেশের সবচেয়ে বড় স্থাপনা যমুনা সেতু এবং পদ্ম সেতুর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। পদ্মা সেতু প্রকল্পের শুরু থেকে ইন্টারন্যাশনাল প্যানেল অব এক্সপার্টের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। জামিলুর রেজা চৌধুরী আন্তর্জাতিক মানের একজন প্রকৌশলী। তার গবেষণা নামকরা বিশ্ববিদ্যালয়গুলোয় পাঠ্য। দেশে-বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৭৫টি গবেষণা-প্রবন্ধ রয়েছে।

আরও পড়ুন

×