এক মাস পর বসছে মন্ত্রিসভার বৈঠক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ এক মাস পর সীমিত পরিসরে বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় তার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে।
বৈঠকে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত থাকবে। এতে সিনিয়র কয়েকজন মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন। তবে কোনও মন্ত্রণালয়ের এজেন্ডা থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বৈঠকে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তথ্য জানা গেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক মঙ্গলবার সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট তিন থেকে চারজন মন্ত্রী অংশ নেবেন।
গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাধারণত প্রতি সোমবার সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। আর প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকতে পারেন।
তবে মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন থাকায় গত ২৩ মার্চ এবং করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে ৩০ মার্চ মন্ত্রিসভার বৈঠক হয়নি বলে জানা গেছে।
সাধারণ ছুটিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত না হলেও প্রধানমন্ত্রী নিয়মিত সব জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স করে করোনাভাইরাস পরিস্থিতি ত্রাণ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আসছেন। সর্বশেষ সোমবার রংপুর বিভাগের প্রশাসনে সাথে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশের শেষ করা হয়েছে।