জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমপি হাবিব মোল্লা
হাবিবুর রহমান মোল্লা -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৯:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা-৫ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লা। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সমকালকে জানিয়েছেন, হাবিবুর রহমান মোল্লার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একই কথা জানিয়েছেন এই এমপি হাবিব মোল্লার জামাতা রায়হান জামিল ও তার ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন।
জামাল উদ্দিন বলেন, ‘স্যারের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা তার আশা ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে অবস্থার বেশি অবনতি হয়।’
পারিবারিক সূত্র জানিয়েছে, চারবারের নির্বাচিত এমপি ৭৮ বছর বয়সী হাবিবুর রহমান মোল্লা বার্ধক্যজনিত রোগ ছাড়াও হৃদরোগে ভুগছিলেন। কিছু দিন আগে তার বাইপাস সার্জারি হয়েছে। গত ২৬ দিন আগে থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর গত ২৭ এপ্রিল থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। চলতি সংসদে তিনি প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ছিলেন। এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগে তিনি সহ-সভাপতি ছিলেন।