আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এখনও ভিসা হয়নি বেশির ভাগ হজযাত্রীর
ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০০:৫৬ | আপডেট: ০৮ মে ২০২৪ | ০১:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। বেলা ১১টায় রাজধানীর আশকোনায় হজক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ বিশিষ্ট অতিথিরা থাকবেন। কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ হবে। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালনে সৌদি আরব যাবেন। উদ্বোধনের পর কাল বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজসংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম চলছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। যদিও এখন পর্যন্ত বেশির ভাগ হজযাত্রীরই ভিসা হয়নি। আবার সৌদি আরবের আগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গতকাল মঙ্গলবারই ছিল ভিসা আবেদনের শেষ দিন। তাই বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
জানা গেছে, এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ভিসা আবেদনের সময় বাড়বে। আমাদের টেনশন আছে; আমরা কাজ করছি।
এর আগে ৪ মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলা হয়, হজ ভিসা সম্পন্নকরণের প্রথম পর্বের মেয়াদ (২৯ এপ্রিল) শেষ হওয়ার পর ৭ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। তবে অধিকাংশ এজেন্সি (২০৪টি) এখন পর্যন্ত হজযাত্রীর ভিসা ব্যবস্থাপনা শুরুই করেনি, যা হজযাত্রীদের সৌদি আরবে গমনে আশঙ্কার সৃষ্টি করেছে। তাই ওই চিঠিতে এজেন্সিগুলোতে নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়।
ভিসা আবেদনে কেন দেরি হচ্ছে– জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেন, ‘এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব। তাই সবকিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে। তবে কাজ এখন দ্রুত হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবার ভিসা হয়ে যাবে। সময়ও তারা বাড়াবে।’
একই বিষয়ে গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সব হজযাত্রী সঠিক সময়ে সৌদি আরব যাবেন এবং সঠিক সময়ে ভিসা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভিসা নিয়ে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকুন, এতে কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে।’
ভিসা আবেদনের সময় কত দিন বেড়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাতে চাননি ধর্মমন্ত্রী। তবে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১১ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।
জাহাজে হজযাত্রী পরিবহনে আগ্রহী নয় সৌদি আরব
সমুদ্রপথে জাহাজে করে হজ করার বিষয়ে আলোচনা হচ্ছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেছেন, তবে সৌদি সরকার বিষয়টি উৎসাহিত করছে না। তিনি বলেন, ‘আলোচনা করলেও আমাদের চিন্তা ধারাটা এমন, ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী পাঠাচ্ছি। আমরা যখন জাহাজে পাঠাব, তখন তো ডেডিকেটেড ফ্লাইট আর হবে না। কারণ সমুদ্রপথে যারা যাবে তাদের জন্য সেই জায়গায় আবার বাংলাদেশ ও সৌদি আরব দুই অংশেই ইমিগ্রেশন হয়। সেই ইমিগ্রেশন তখন তো আবার একবার গিয়ে চিটাগাং আবার জেদ্দা পড়বে। এগুলো তো আর হবে না। সৌদি সরকার অনেকটা বলা চলে এটা ইনকারেজ করছে না। তারা বলছে, এটাই (বর্তমান ব্যবস্থা) সবচেয়ে ভালো।’
- বিষয় :
- হজ ও ওমরাহ নীতিমালা
