ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগ

ঢাবি অধ্যাপক নাদির জুনাইদসহ ২ জনকে সাময়িক অব্যাহতি

ঢাবি অধ্যাপক নাদির জুনাইদসহ ২ জনকে সাময়িক অব্যাহতি
×

অধ্যাপক নাদির জুনাইদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০৩:১৯ | আপডেট: ০৮ মে ২০২৪ | ০৩:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থীর করা যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভাপতিত্ব করেন।

সিন্ডিকেটের দুই সদস্য জানান, গত ১০ ফেব্রুয়ারি অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বিভাগেরই এক ছাত্রী। এই প্রেক্ষাপটে ক্লাস বর্জনসহ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে ৩ মাসের ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এরই মধ্যে গত মাসের শেষ সপ্তাহে নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে সিন্ডিকেটের সভায় অভিযোগ তদন্তে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করা হয়। সেই কমিটির প্রতিবেদন মঙ্গলবারের সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আনা এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তাকেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিষয়টি যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। 

যৌন নিপীড়নবিরোধী সেলকে দুটি ঘটনাই আগামী ২ মাসের মধ্যে তদন্ত করে সিন্ডিকেটে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক বাহাউদ্দিনের পিএইচডি অভিসন্দর্ভে জালিয়াতির অভিযোগ যাচাই করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য হারুনুর রশীদ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাকার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাভেদ হোসেন। 

অন্যদিকে সিন্ডিকেটের সিদ্ধান্তে আইন অনুষদের ডিন পদ ফেরত পেয়েছেন অধ্যাপক ড. মো. রহমতউল্লাহ। হাইকোর্টের দেওয়া রায় মেনে তাকে ডিনের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×