হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৫:১৬ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৬:১২
চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে হজ ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণের জন্যও হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। হজ ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও পরিচালিত হবে, যা জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করতে যাচ্ছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
