ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
×

শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৮:৩০

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে তিনি এ ঘোষণা দেন। পরে শাহবাগ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ সরকারের আদেশে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। তারা শিক্ষার্থীদের হত্যা করেছে। এছাড়াও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গণগ্রেপ্তার চালিয়েছে। এসব কিছুর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না।

এ সময় ঢাকা কলেজ, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটিসহ রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল।

এর আগে সায়েন্স ল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছান তারা। 
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ-যুবক। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

আরও পড়ুন

×