ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া: গ্রেফতার ৪ জন রিমান্ডে
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৯:৩০ | আপডেট: ০২ জুন ২০২০ | ১১:০৩
ন্যাশনাল ব্যাংক রাজধানীর ইসলামপুর শাখা থেকে ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় গ্রেফতার চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ওই ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম মৃধা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান তাদের প্রত্যককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন- হান্নান ওরফে রবিন, মোহাম্মদ মোস্তফা, বাবুল মিয়া ওরফে কালা বাবুল ও পারভীন। গ্রেফতার অপর আসামি আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ বিচারক।
এরআগে সোমবার রাতে ৬০ লাখ টাকা ও বিদেশি অস্ত্রসহ ওই চারজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।