ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নানা অনিয়মের দায়ে বরখাস্ত আরও ১১ জনপ্রতিনিধি

নানা অনিয়মের দায়ে বরখাস্ত আরও ১১ জনপ্রতিনিধি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ১৩:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ইত্যাদি অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এদের মধ্যে ৪ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ৬ জন সদস্য এবং এক জন পৌর কাউন্সিলর। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার  সিংপুর ইউপি'র  মো. আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপি'র হাজী মো. কাজল ভূইয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপি'র মো. শাহনেওয়াজ এবং নলটোনা ইউপি'র হুমায়ুন কবীর।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলাধীন মজলিশপুর ইউপি'র ২ নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনার সদর উপজেলাধীন নলটোনা ইউপি'র  ৭নং ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা: রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন (পলি)।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া পৌরসভার কাউন্সিলর হলেন-চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.  সোলাইমান বাবুল।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা  হয়।



আরও পড়ুন

×