ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ভারী বর্ষণে পাহাড়ের ঢাল বেয়ে পড়ে আহত হাতি

ভারী বর্ষণে পাহাড়ের ঢাল বেয়ে পড়ে আহত হাতি
×

আহত হাতি। ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৮:৫২ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৮:৫৬

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে। শনিবার দুপুরে টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় ঢাল বেয়ে নিচে পড়ে যায় হাতিটি। এতে প্রাণীটির পা ও পেটে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস বলেন, দুপুরে হঠাৎ একটি বিকট শব্দের পর হাতির চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি একটি মা হাতি পাহাড়ের নিচে পড়ে আছে। পেট থেকে রক্ত ঝরছিল, যন্ত্রণায় বারবার চিৎকার করছিল। পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, পাহাড় থেকে পড়ে একটি মা হাতির পা ও পেটে গুরুতর আঘাত লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। একজন ভেটেরিনারি চিকিৎসক এনে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় হাতিটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, হাতিটির শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বন বিভাগ বলছে, টানা বর্ষণে পাহাড়ি বনাঞ্চলে বন্য প্রাণীর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে পাহাড়ের ঢাল নরম হয়ে যাওয়ায় হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা বেড়েছে। এ কারণে হাতির বিচরণ এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন

×