ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

যে বাড়িতে সংসার শুরু সেই বাড়িটি কিনলেন শাহরুখ

যে বাড়িতে সংসার শুরু সেই বাড়িটি কিনলেন শাহরুখ
×

শাহরুখ খান ও গৌরী খান। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৯:৩২

বলিউড সুপারস্টার শাহরুখ খান দিল্লিতে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মৃতিবহুল বাড়ি কিনেছেন। প্রায় ৩৭ কোটি রুপিতে রাজধানীর অভিজাত পঞ্চশীল পার্ক এলাকার একটি আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা কিনেছেন তিনি।

মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বিয়ের পর স্ত্রী গৌরী খানকে নিয়ে এই বাড়িতেই বসবাস করতেন শাহরুখ। পরে অভিনয়জীবন গড়তে মুম্বাইয়ে চলে যান তিনি। ভবনটির নিচতলা ও বেজমেন্ট আগে থেকেই খান পরিবারের মালিকানায় ছিল। নতুন এই ক্রয়ের মাধ্যমে পুরো ভবনটিই এখন তাদের মালিকানায় এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তিটির দাম ৩৭ কোটি রুপি, আর জমির মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি। এই ক্রয়ের মাধ্যমে শাহরুখ-গৌরীর বিলাসবহুল স্থাবর সম্পত্তির তালিকায় আরও একটি মূল্যবান সংযোজন হলো। ভারত ছাড়াও বিদেশেও তাদের একাধিক সম্পত্তি রয়েছে।

১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান ও গৌরী খান। তাদের তিন সন্তান— আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।

সুহানা ইতোমধ্যে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেছেন। অন্যদিকে আরিয়ান পরিচালনায় অভিষেক করেছেন নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বা*ডস অব বলিউড’ দিয়ে।

শাহরুখ খান এখন ব্যস্ত পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা নিয়ে। চলতি বছরের জানুয়ারিতে তিনি ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই অ্যাকশনধর্মী সিনেমা।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও রাঘব জুয়াল প্রমুখ। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×