আরিয়ানের কথিত প্রেমিকার চোখে শাহরুখ কেন সবার সেরা
লারিসা বোনেসি, শাহরুখ খান ও আরিয়ান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৮:৫৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ১৯:০১
বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতি মুগ্ধতার কথা জানালেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসি। শাহরুখকে ‘কিং’ ও ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, তার বিশ্বাস, শাহরুখ চিরকাল এক নম্বরেই থাকবেন। শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে লারিসার প্রেমের গুঞ্জন রয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লারিসা বলেন, শাহরুখের বিপুল জনপ্রিয়তা ও সাফল্যের পাশাপাশি তাঁর ক্যারিয়ার গড়ার ধরনও তাকে অনুপ্রাণিত করে। লারিসার ভাষায়, ‘তিনি কিং। তিনি একজন কিংবদন্তি। চিরকাল এক নম্বরে থাকবেন। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে।’
লারিসার মতে, ভারতের অন্যতম বড় তারকা হওয়ার বাইরেও শাহরুখের জীবনের পথচলা অনেকের জন্য শিক্ষণীয়। শুধু কী অর্জন করেছেন, তা নয়; কীভাবে সেই জায়গায় পৌঁছেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর কথায়, ‘তিনি এমন একজন, যাঁকে অনুসরণ করতে ইচ্ছা করে।’
শাহরুখের পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও জানিয়েছেন লারিসা। তিনি বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো।’
সাক্ষাৎকারে আরিয়ান খানের প্রশংসাও করেন এই অভিনেত্রী। আরিয়ানকে বুদ্ধিমান, ভালো মানুষ ও দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে লারিসা বলেন, ‘আরিয়ান একজন দারুণ মানুষ। সে বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ। অনেকেই বলে, তার তো সবকিছুই আছে। কিন্তু সে এসব নিয়ে ভাবে না। নিজের চাওয়া, ভবিষ্যৎ এবং যে বিষয়গুলোতে বিশ্বাস করে, সেগুলোর জন্য লড়াই করছে। সে অবশ্যই সফল হবে, কারণ সে ভীষণ দৃঢ়প্রতিজ্ঞ।’
আরিয়ানের পরিচালনায় অভিষেক হওয়া সিরিজ দ্য ব্যাডস অব বলিউড–এর শুটিং সেটেও গিয়েছিলেন লারিসা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একবার শুটিং সেটে গিয়েছিলাম। আরিয়ানের পরিচালনায় কাজ করতে আমার খুব ইচ্ছা। আমার মনে হয়, তাঁর মতো কাজে দক্ষ একজনের পরিচালনায় কাজ করতে সবাই চাইবে।’
১৬ বছর আগে ভারতে এসেছিলেন লারিসা। ধীরে ধীরে দেশটিই তার কাছে ঘরের মতো হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে ভৌতিক সিনেমা ১৯২০: কোল্ড উইন্টার–এ। ছবিটি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- শাহরুখ খান
- আরিয়ান খান