শাড়ি পরায় চামড়ার বেল্ট দিয়ে পেটান বাবা, মায়ের সাহায্যে বাড়ি ছাড়েন রবি
রবি কিষাণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৬:৪৯
অভিনেতা হতে চাওয়ায় পরিবারের বিরোধিতার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা রবি কিষাণ। অভিনয়ের প্রতি তার আগ্রহ মেনে নিতে পারেননি বাবা। এমনকি রামলীলায় নারী চরিত্রে অভিনয়ের জন্য শাড়ি পরায় ছেলেকে চামড়ার বেল্ট দিয়ে মারধরও করেছিলেন তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জীবনের সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন রবি।
রবি জানান, তার বাবা ছিলেন পুরোহিত। পাশাপাশি দুধের ব্যবসাও ছিল তার। ছেলেকে পারিবারিক ব্যবসায় যুক্ত করতে চেয়েছিলেন তিনি। তা না হলে সরকারি চাকরিতে দেখতে চেয়েছিলেন। কিন্তু রবি তখন অপেশাদার নাট্যচর্চায় যুক্ত ছিলেন। অভিনয়কেই পেশা হিসেবে নিতে চাইতেন তিনি।
একবার রামলীলায় অভিনয়ের জন্য শাড়ি পরেছিলেন রবি। সেই পোশাকে ছেলেকে দেখে ক্ষুব্ধ হন তার বাবা। অভিনেতা বলেন, ‘আমার বাবা আমাকে খুব মারধর করেছিলেন। রামলীলায় শাড়ি পরে অভিনয় করার পর তিনি চামড়ার বেল্ট দিয়ে আমাকে পিটিয়েছিলেন। বলেছিলেন, তুমি কি নাচনেওয়ালি হতে চাও?।’
রবি আরও বলেন, নব্বইয়ের দশকে ভারতের সমাজে চলচ্চিত্রশিল্পকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না। তাই ছেলের অভিনয়ে আসার সিদ্ধান্তকে পরিবারের সম্মানের জন্য অপমানজনক মনে করেছিলেন তার বাবা।
বাবার রাগ একপর্যায়ে এতটাই বেড়ে গিয়েছিল যে, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন রবি। পরিস্থিতি বুঝতে পেরে তাঁকে বাড়ি ছাড়তে সাহায্য করেন মা। সেই সময়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘আমি বাবাকে বলেছিলাম, না, বাবা। এরপর মা আমাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেন। কারণ, বাবার মনে হয়েছিল আমি পরিবারের সম্মান নষ্ট করেছি। এ কারণে তিনি আমাকে মেরে ফেলতেও চাইতেন।’
নব্বইয়ের দশকের শুরুতে হিন্দি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন রবি কিষাণ। পরে ভোজপুরি চলচ্চিত্রে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। হিন্দি ও ভোজপুরির পাশাপাশি তেলুগুসহ বিভিন্ন ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘তেরে নাম’, ‘মুক্কাবাজ’, ‘সাই রা নরসিমহা রেড্ডি’, ‘বাটলা হাউস’ ও ‘লাপাতা লেডিস’।
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ (২০২৪) সিনেমায় বিধায়ক ছোটের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন রবি। সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা গেছে ‘সন অব সরদার ২’ ও ‘ডাকু মহারাজ’ সিনেমায়। এ ছাড়া ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মির্জাপুর: দ্য মুভি’তেও রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সাল থেকে উত্তর প্রদেশের গোরখপুরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রবি কিষাণ। সূত্র: হিন্দুস্থান টাইমস