ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ইংল্যান্ডের ট্রেনিং ক্যাম্পে ডেভিড বেকহ্যাম, কী বার্তা দিলেন?

ইংল্যান্ডের ট্রেনিং ক্যাম্পে ডেভিড বেকহ্যাম, কী বার্তা দিলেন?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৮:২৪

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আগে ইংল্যান্ডের শেষ অনুশীলন সেশনে হাজির হয়েছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। এ সময় মায়ামিতে দলের শেষ অনুশীলন সেশনে উপস্থিত হয়ে দলকে সমর্থন ও শুভকামনা জানান। এছাড়া ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে তাকে আলাদাভাবে কথা বলতে দেখা যায়।

বাংলাদেশ সময় রোববার রাতে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। সেই ম্যাচের আগে ইংল্যান্ড ফুটবল দল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনুশীলন সেশনে বেকহ্যামের উপস্থিতি নিশ্চিত করেছে।

ইংল্যান্ড ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়, ‘ইংল্যান্ড কিংবদন্তি স্যার ডেভিড বেকহ্যাম আজ বিকেলে মায়ামিতে আমাদের অনুশীলনে যোগ দিয়েছিলেন। আপনাকে দেখে ভালো লাগল।’

গ্লোবোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মায়ামিতে বেকহ্যাম পুরো মাঠ প্রদক্ষিণ করেন। এ সময় তিনি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং অনুশীলনের কিছু অংশও দেখেছেন।

এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও দেশটির সাবেক ফুটবলারের উপস্থিতি নিয়ে মন্তব্য করেন। কেইন বলেন, ‘আশা করি, আমরা এমন পারফরম্যান্স করতে পারব, যাতে তিনি আমাদের নিয়ে গর্ব অনুভব করেন।’

বেকহ্যাম ইংল্যান্ডের হয়ে ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এছাড়াও সাবেক এই মিডফিল্ডার ৬ বছর ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×