ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চিকেনস নেকে চার লেনের মহাসড়ক বানাবে ভারত

চিকেনস নেকে চার লেনের মহাসড়ক বানাবে ভারত
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৫

শিলিগুড়ি করিডোরে ৩১ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণে ২ হাজার কোটি রুপি খরচ করবে ভারতের কেন্দ্রীয় সরকার। গুরুত্বপূর্ণ এ করিডোর ‘চিকেনস নেক’ হিসেবেও পরিচিত।

ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে, নতুন মহাসড়কটি তৈরির মধ্য দিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাদবাকি অংশের যোগাযোগ আরও শক্তিশালী হবে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে উঠে এসেছে তথ্যগুলো।

‘চিকেনস নেক’ অনেক দিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে এর অবস্থান নেপাল ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। কাছাকাছি রয়েছে চীন ও ভুটানের সীমান্তও।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত সরকার প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ওই করিডোরকে কেন্দ্র করে নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করে। দেশটির নিরাপত্তার জন্য করিডোরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়ে থাকে। মূলত ৫ আগস্টের পর থেকে এটিকে আরও গুরুত্ব দেওয়া শুরু করেছে দেশটি। গত বৃহস্পতিবার প্রথম সেখানে সড়ক নির্মাণে অর্থ বরাদ্দের কথা জানা যায়। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করি এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান।

তাঁর দেওয়া তথ্য অনুসারে, পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে বাগডোগরা থেকে বিহারের গালগালিয়া পর্যন্ত যাবে মহাসড়কটি। এর মোট দৈর্ঘ্য হবে ৩১ দশমিক ০২ কিলোমিটার। নাম দেওয়া হচ্ছে ‘জাতীয় মহাসড়ক-৩২৭’ বা ‘এনএইচ-৩২৭’।

গড়করি জানান, তারা যে প্রকল্পটি হাতে নিয়েছেন, সেটির কারণে একদিকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী হবে। অন্যদিকে নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যাতায়াতের সুযোগও বৃদ্ধি পাবে। গোটা প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি ওভারব্রিজ, হাতি চলাচলের জন্য পাঁচটি আন্ডারপাস এবং নতুন মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন নির্মাণ করা হবে।

এর আগে শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছিল নয়াদিল্লি।

আরও পড়ুন

×