ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিক দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিক দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
×

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো ও নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৪

পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে দুই জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর থেকে হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নাটোর পরিবহন শ্রমিকরা জানান, রাজশাহীর মালিক রাব্বি পরিবহনের একটি বাস চলাচলকে নিয়ে গত রাতে (বৃহস্পতিবার) রাজশাহী বাসস্ট্যান্ডে নাটোরের মালিকদের দুটি বাস আটকে শ্রমিকদের মারধর করে রাজশাহীর শ্রমিকরা। প্রতিবাদে নাটোর জেলায় রাজশাহী মালিকদের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় রাজশাহী মালিকের একটি বাস নাটোরে আটকে রাখলেও পরে ছেড়ে দেওয়া হয়। কোনো শ্রমিককে মারধর করা হয়নি। শুধু নাটোর ও রাজশাহী মালিকদের বাস এ রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্য সব জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহনের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচল করবে বলে জানায়। বাসটি চলাচলে নাটোর মালিক সমিতি সম্মতি না দেওয়ায় তারা গত রাতে (বৃহস্পতিবার) যাত্রীসহ নাটোরের ৯টি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করে। তারপর থেকে রাজশাহী মালিকদের কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। নাটোরের মালিকদের বাসও রাজশাহীতে যাচ্ছে না। তবে ঢাকাগামী সব বাস চলাচল স্বাভাবিক আছে। 

রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও রাব্বি পরিবহনের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে আলমডাঙ্গা রুটে রাব্বি পরিবহনের বাস চলাচলের জন্য নাটোর মালিক সমিতিকে জানানো হয়। তারা অসৌজন্যমূলক আচরণ করে। পরে রাতে (বৃহস্পতিবার) নাটোরে রাব্বি পরিবহনের একটি বাস আটক করে শ্রমিককে মারধর করা হয়। এ খবর জানার পরে নাটোরের বাস আটকিয়ে রাখা হয়। তবে কোনো শ্রমিককে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সকাল (শুক্রবার) থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে। বিষয়টি তারা দ্রুত সমাধানের চেষ্টা করছেন।

আরও পড়ুন

×