ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে

আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার ছয়টি পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর। 

এর আগে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে সিলেট থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়েছে।
 

আরও পড়ুন

×