ওষুধের দোকান নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করার দাবি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ১৯:০৬
ওষুধের দোকানের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)। একইসঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ শিল্প সমিতি ও বিসিডিএস মিলে ত্রিপাক্ষিক টাস্কফোর্স গঠন করে লাইসেন্স বিহীন দোকান বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি।
বুধবার রাজধানীর মিটফোর্ডে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক আনোয়ার হোসেন মিরধা বেলু লিখিত বক্তব্যে বলেন, ‘নতুন করে ওষুধের দোকানের নিবন্ধন বা নবায়ন করতে ঔষধ প্রশাসনে একাধিকবার যাওয়া-আসায় ঝামেলা পোহাতে হয়। এসব ঝামেলা এড়াতে নতুন নিবন্ধন ইস্যু বা নবায়ন অনলাইন ভিত্তিক চালু করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কেমিষ্টস সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় একযোগে সারাদেশে চালু করতে হবে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা চলবে না। একই সঙ্গে ড্রাগ ও কসমোটিকস ২০২৩ আইনে কেমিষ্টসদের ১০ বছরের জেল ও অর্থদণ্ড সম্পূর্ণ প্রত্যাহার করা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়ার ক্ষেত্রে নীতিমালা তৈরির উদ্যোগ নিতে হবে সরকারকে।’
এ সময় আনোয়ার হোসেন মিরধা বলেন, পলাতক সভাপতি মো. শাহ্ জালাল বাচ্চুকে অবিলম্বে বিসিডিএস সভাপতি পদ থেকে পদত্যাগের দাবি জানায়। আগামী ১৯ অক্টোবর তথাকথিত ভারপ্রাপ্ত সভাপতি মো.ময়নুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটের পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার বিসিডিএসের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- ওষুধের দোকান
- ডিজিটাল