ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আপাতত ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে দেশের আদালত

আপাতত ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে দেশের আদালত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১১:১৯

আপাতত ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে দেশের সব (উচ্চ ও নিম্ন আদালত) আদালতের কার্যক্রম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আদালতকে এ নির্দেশ অনুসরণ করতে সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই সময়ে জরুরি বিষয়াদির শুনানি গ্রহণে হাইকোর্টের ১৩টি ভার্চুয়াল বেঞ্চও গঠন করা হয়েছে।

হাইকোর্টের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তির ব্যবহার অধ্যাদেশ ২০২০ ও উচ্চ আদালতের জারি করা প্রাকটিস নির্দেশনা অনুসরণ করে শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের ১৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

নিম্ন আদালতের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারি রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারকার্য পরিচালনার লক্ষ্যে 'আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০' এর ৫ ধারার ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট থেকে গত ৩০ মে জারি করা সার্কুলারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে দেশের উচ্চ ও অধস্তন আদালতে নিয়মিত বিচারকাজ বন্ধ রয়েছে। তবে এমন পরিস্থিতিতে আইন সংশোধন করে বিশেষ ব্যবস্থায় গত ১১ মে থেকে দেশে ভার্চ্যুয়াল আদালতে বিচারকাজ শুরু করা হয়। সর্বশেষ ৩০ মে ভার্চুয়াল আদালতের কার্যকারিতা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

আরও পড়ুন

×