ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

তিন মাস পর ফ্লাইট চালু আন্তর্জাতিক রুটে

তিন মাস পর ফ্লাইট চালু আন্তর্জাতিক রুটে
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৬:৩৮

করোনায় লকডউনের কারণে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ফের ফ্লাইট চালু হয়েছে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে। প্রথম দিন সোমবার দোহা থেকে ৩৩ জন যাত্রী রাত ২ টায় ঢাকায় অবতরণ করে কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট। তারা সবাই ট্রানজিট যাত্রী। এর পর মঙ্গলবার ভোর ৪টায় ২৭৪ জন ট্রানজিট যাত্রী নিয়ে দোহার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে কাতার এয়ারওয়েজের এ ফ্লাইট বলে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে বলেন, কাতার এয়ারওয়েজেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। তবে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। অন্যদিকে যুক্তরাজ্যে কেবল জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলতে পারবে।

তিনি বলেন, আমরা কয়েকদিন পর্যবেক্ষণ করব। আরও কয়েকটি বিদেশি বিমান সংস্থা বাংলাদেশে ফ্লাইট চালু করতে চাইছে। তবে আমাদের বিমান সংস্থাকে যারা চলাচলের অনুমতি দেবে, আমরা শুধুমাত্র তাদের বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে দেব।

এ ব্যপারে বেবিচকের জনসংযোগ শাখার কর্মকর্তা সহকারি পরিচালক মোহাম্মাদ সোহেল কামরুজামান বলেন, সোমবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের যে ফ্লাইট ঢাকায় অবতরণ করে তাতে ৩৩ জন যাত্রী ছিলেন। তবে তারা সবাই ট্রানজিট। এর পর ভোর ৪টায় ২৭৪ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ মার্চ চীন ও যুক্তরাজ্য ছাড়া সব আন্তর্জাতিক আকাশপথে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বেবিচক। এরপর যুক্তরাজ্যও এই নিষেধাজ্ঞার আওতায় এলে চীনে ফ্লাইট চালু রাখা হয়। পরবর্তী সময়ে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে সোমবার ১৫ জুন পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দেয় বেবিচক।

এ ব্যপারে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে বলেন, আগামী রোববার (২১ জুন) চালু হচ্ছে ঢাকা-যুক্তরাজ্যে বিমানের ফ্লাইট। যুক্তরাজ্যে বিমান লন্ডন-ম্যানচেস্টার রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনা করত। আপাতত ম্যানচেস্টারে যাবে না বিমান। তবে লন্ডনে প্রতি সপ্তাহে ঢাকা থেকে একটি করে ফ্লাইট যাবে।

আরও পড়ুন

×