শাহজালাল বিমানবন্দরের নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনায় আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:৪০ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৯:২৭
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মফিদুর রহমান বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ কর্মীর স্বাস্থ্যপরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে দাবি করেন বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রতিদিন কাজে যোগ দেয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন মারা গেছেন এবং ৪০০৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৩০৫ জন। করোনায় নতুন যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন।