বরিশালের পথে প্রধানমন্ত্রী
বরিশালের দিকে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমওর ফেসবুক পেজের ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ০৯:০৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১০:৩৭
বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের দিকে রওনা হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।’
রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর। কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও নানা প্রস্তুতি নিয়েছে। তবে তিনি কোনো জনসমাবেশে অংশ নেবেন না।
দলের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিতে পারেন। এ ক্ষেত্রে তাদের যুক্তি, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভাগের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপি জিতেছে। এতে দক্ষিণাঞ্চল যে বিএনপির ঘাঁটি– এটি প্রমাণিত হয়েছে। এবার তারা প্রধানমন্ত্রীর কাছে উন্নয়ন উপহার চান।
নেতাকর্মীর ভাষ্য, দক্ষিণাঞ্চলবাসীর দাবির মধ্যে রয়েছে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত, কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, রেললাইন স্থাপন ও নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া।
এ ব্যাপারে বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মিজানুর রহমান ফিরোজ বলেন, মহাসড়ক ছয় লেন আমাদের প্রধান দাবি। জলবায়ু বিপর্যয়ে দক্ষিণাঞ্চলে নদী ভাঙনরোধ এবং দরিদ্রপ্রবণ হিসেবে বরিশালে কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড স্থাপনও জরুরি।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি আবদুর রশিদ নিলু বলেন, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ করে এ অঞ্চলে ইপিজেড গড়ে তুললে শিল্পকারখানা হবে। এতে বরিশালের মানুষের কর্মসংস্থান হবে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক কাজী জাবের আহমেদ মনে করেন, সর্বশেষ বাজেটেও বরিশাল ছিল অবহেলিত। দক্ষিণাঞ্চলে শিল্পকারখানা গড়তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, আমাদের প্রাণের দাবি ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেন সড়ক। এটি হলে পায়রা বন্দর সচল হবে।
বরিশালজুড়ে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আলাদা আনন্দ মিছিল করছে। গতকাল রোববার সকালে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে সমাবেশ হয়েছে। প্রধানমন্ত্রী সড়কপথে গৌরনদী থেকে বরিশাল নগরীতে পৌঁছাবেন। ৪৪ কিলোমিটারের এ পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। তবে নেতাকর্মীকে তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করতে দেওয়া হয়নি।
এর আগে, ঢাকা থেকে সড়কপথে আজ সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদীতে পৌঁছাবেন। বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা শরিকল-বাটাজোর খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীতে পৌঁছে ত্রিশগোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- বরিশাল