ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্বাস্থ্যসেবায় ব্যাংকের ব্যয় জেলা পর্যায়ে বিস্তৃত করার নির্দেশ

স্বাস্থ্যসেবায় ব্যাংকের ব্যয় জেলা পর্যায়ে বিস্তৃত করার নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৯:৪৬

করোনাভাইরাসের কারণে দেশের জনস্বাস্থ্যে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের মোট ব্যয়ের ৬০ শতাংশ স্বাস্থ্যসেবায় বরাদ্দ দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যয়ের মাধ্যমে অত্যবশ্যকীয় মেডিকেল সামগ্রী, স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের সুরক্ষা সামগ্রী দিতে বলা হয়েছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে একটি ব্যাংকের সিএসআর খাতে মোট ব্যয়ের সর্বোচ্চ ৩০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া যেত। আর স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ২০ শতাংশ খরচ করা যেত। তবে গত ২২ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিএসআর খাতে মোট ব্যয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে বলা হয়। আর শিক্ষায় আগের মতোই ৩০ শতাংশ এবং জলবায়ু ঝুঁকি তহবিলে ১০ শতাংশ ব্যয় অপরিবর্তিত রাখা হয়। অন্যান্য খাতে আপাতত ব্যয় থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবিলায় স্বাস্থ্য খাতে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া আবশ্যক হয়ে পড়েছে। এ লক্ষ্যে ব্যাংকের সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্য খাতে নিয়মিত কার্যক্রমসহ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যকীয় মেডিকেল সামগ্রী কিনে দেওয়ার পরামর্শ দেওয়া হলো। একইসঙ্গে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে।

আরও পড়ুন

×