অটোরিকশা চালকের অস্ত্রের কারবার!
গ্রেপ্তারকৃত হাবিবুল জান্নাত ওরফে রাজু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:৪৭
হাবিবুল জান্নাত ওরফে রাজুকে অটোরিকশা চালক হিসেবেই জানেন পরিচিতরা। তবে এর আড়ালে তিনি যে অবৈধ অস্ত্রের কারবারে যুক্ত তা জানত শুধু অপরাধ জগতের গুটিকয়েক লোক। তাই গ্রেপ্তারের পর যখন তার বিছানার তোষকের নিচ থেকে পৌনে তিন ফুট ব্যারেলের বন্দুক পাওয়া যায়, তখন সবাই বিস্মিত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাজু এখানে চুনোপুঁটি, এর নেপথ্যে রয়েছে প্রভাবশালী চক্র। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গত ১৮ জুন ভোরে পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর থেকে রাজুকে গ্রেপ্তার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই ব্যাপারে বিস্তারিত জানতে ও তথ্য যাচাই-বাছাই করতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। তবে এখনও রিমান্ড শুনানি হয়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফাত লেনিন সমকালকে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিবুল জান্নাত ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ১২ বোরের দুটি কার্তুজ, চাপাতি ও ছুরি পাওয়া গেছে। তাকে রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পাবনা থানায় মামলা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, রানা নামে এক যুবক অস্ত্রগুলো কেনার জন্য টাকা দিয়েছিল। তাকে সরবরাহের জন্য অস্ত্র নিজের বাড়িতে মজুদ করে রাখেন রাজু। তিনি আবার ২০ হাজার টাকায় এসব অস্ত্র মিলন নামে আরেক জনের কাছ থেকে কিনে ছিলেন বলে জানা গেছে। রানা ও মিলনকে আইনের আওতায় নিতে কাজ করছে পুলিশ।
- বিষয় :
- অটোরিকশা চালক
- অস্ত্রের কারবার