আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে ফের সরগরম শাহজালাল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৯:০৬
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ফের ফ্লাইট চলাচল শুরু হয়েছে ঢাকা-আন্তর্জাতিক রুটে। এরইমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতিক্রমে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে সিডিউল ফ্লাইট চালু করেছে জাতীয় পতাকবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজ। আর এতে সরগরম হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এ ছাড়া বুধবার ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে চালু হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। আরও ৩টি বিদেশি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে বেবিচক কর্তৃপক্ষের কাছে। তাদের এ বিষয়ে আলোচনা চলছে বলে বেবিচক কর্তৃপক্ষ জানায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ প্রায় ৩ মাস আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে সরকারের অনুমতিক্রমে সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেয় বেবিচক কর্তৃপক্ষ। এ সময় দোহা থেকে প্রথম দিন গত সোমবার ৩ জন যাত্রী নিয়ে রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট। এর পরদিন মঙ্গলবার ভোর ৪টায় ঢাকা থেকে ২৭৪ জন ট্রানজিট যাত্রী নিয়ে দোহায় যায় কাতার এয়ারওয়েজের এ ফ্লাইট। এ দিকে গত রোববার ঢাকা-লন্ডন রুটে সিডিউল ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।
বেবিচকের কর্মকর্তারা জানান, গত রোববার ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চালু করার কথা থাকলেও করোনাসহ অন্যান্য কারণে এদিন ফ্লাইট চালু করেনি এমিরেটস কর্তৃপক্ষ। তবে তারা আগামী বুধবার চালু করবে সিডিউল ফ্লাইট।
এ ব্যপারে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে, গত মঙ্গলবার ১৬ জুন ফের আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়। এরপর থেকে সরগরম হয়ে ওঠে আন্তর্জাতিক আকাশ রুটে বিমান চলাচল।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্স। আরও ৩টি বিদেশি এয়ারলাইন্স ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চেয়েছে। এসব এয়ারলাইন্স হচ্ছে, টার্কিস, এয়ার এরাবিয়ান ও ফ্লাই দুবাই। তবে এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে তাদের অনুমতি দেওয়া হবে কি না।
সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বেবিচকের অনুমতিক্রমে ঢাকা থেকে লন্ডন রুটে সপ্তাহের প্রতি রোববার একটি করে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এ ছাড়া সপ্তাহে ৩ দিন ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়াওয়েজ। তবে তারা শুধুমাত্র ট্রানজিট যাত্রী বহন করবে।
গত ২১ মার্চ চীন ও যুক্তরাজ্য ছাড়া সব আন্তর্জাতিক আকাশপথে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বেবিচক। এরপর যুক্তরাজ্যও এই নিষেধাজ্ঞার আওতায় এলে চীনে ফ্লাইট চালু রাখা হয়। পরবর্তী সময়ে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে গত সোমবার ১৫ জুন পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দেয় বেবিচক।
- বিষয় :
- করোনাভাইরাস
- ফ্লাইট চলাচল
- আন্তর্জাতিক রুট
- বেবিচক