বাংলাদেশি পেশাজীবীদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা সাময়িক বন্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০২:২৬ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৩:০২
বাংলাদেশি পেশাজীবী নাগরিকদের জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সরকার। একইসঙ্গে চার্টার্ড ও অনিয়মিত ফ্লাইটের অনুমতি দেওয়াও সীমিত করা হয়েছে। ২৩ জুন থেকে দেশটির সরকার এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করার আদেশ দিয়েছে।
সোমবার দেশটির সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুন বাংলাদেশ থেকে আগত বিশেষ ফ্লাইটের যাত্রীদের ১১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার কূটনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী ছাড়া অন্যান্য পেশাজীবী বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। এ নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেইসঙ্গে চার্টার্ড ও অনিয়মিত ফ্লাইটের অনুমতি দেওয়াও সীমিত রাখা হবে। তবে নিয়মিত ফ্লাইট চালু হলে ই-নাইন ভিসাধারী ইপিএস কর্মী এবং ছাত্রদের দক্ষিণ কোরিয়ায় আসার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ই-নাইন ভিসাধারীদের ক্ষেত্রে 'কোভিড-১৯ সংক্রমিত নয়' মর্মে সার্টিফিকেটসহ ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে অবস্থানকালীন পৃথক বাসস্থানের নিশ্চয়তা অবশ্যই দিতে হবে।
এ অবস্থায় দূতাবাসের পক্ষ থেকে দেশটিতে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য নিয়মিত ফ্লাইটে অথবা চার্টার্ড বা অনিয়মিত ফ্লাইটে আগমনকারী যাত্রীদের 'কোভিড-১৯ সংক্রমিত নয়' মর্মে সার্টিফিকেট সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি কূটনৈতিক ও জরুরি বাণিজ্যিক প্রয়োজন ছাড়া পাকিস্তানের কাউকেও ভিসা দেওয়া হবে না বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দ্য কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের অধিকাংশ বাংলাদেশি ও পাকিস্তানি হওয়ায় দুই দেশের সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় পর্যায় চলছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সোমবার কর্মকর্তারা জানান, ২৪ ঘণ্টায় ভিন্ন ভিন্ন অফিস ও গুদামে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে, সোমবার রাজধানীর দক্ষিণে দেজিওন শহরে বেশ কয়েকটি ছোট ক্লাস্টার শনাক্ত হওয়ার পরে জাদুঘর এবং গ্রন্থাগারের মতো জায়গায় জমায়েত নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
গত ২০ জানুয়ারি দেশটিতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে মারা গেছেন ২৮১ জন।
- বিষয় :
- ভিসা বন্ধ
- দক্ষিণ কোরিয়া
- বাংলাদেশি
- করোনাভাইরাস