ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঢাবি লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২০:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির কৌশলগত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও পেশাদার অ্যালামনাই নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

শনিবার মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন ডুপার সভাপতি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। সেশন পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মশালা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ড. এ কে এম সাইফুল্লাহ।

কর্মশালায় সংগঠনের সহসভাপতি রুহুল আলম সিদ্দিকী ও ফরহাদ জেসমীন লিটিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

ব্রেইনস্টর্মিং পর্বে ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক বিষয়ে দলভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ এবং সেগুলো বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জালাল আহমেদ বলেন, একটি সংগঠনকে দীর্ঘমেয়াদে সফল করতে পরিকল্পিত চিন্তা, ধারাবাহিক কর্মপরিকল্পনা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, এ কর্মশালা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করবে।

সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন কবীর বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণই একটি অ্যালামনাই সংগঠনের মূল শক্তি। তিনি জানান, ডুপার ইতিহাসে কৌশলগত পরিকল্পনাভিত্তিক এ ধরনের কর্মশালা এবারই প্রথম। কর্মশালায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে সংগঠনটি সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্যও আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

কর্মশালার একপর্যায়ে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় ডুপার যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক রত্না শারমীন ঝরাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন- ডুপার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী; ভাইস প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরহাদ জেসমীন লিটি; ডুপার যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ; যোগাযোগ-প্রকাশনা সম্পাদক ও যুগ্মসচিব রত্না শারমীন ঝরা; সাংগঠনিক সম্পাদক ও ডেভেলপমেন্ট প্রাক্টিশনার হোসনে আরা বেগম; সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনা খাতুন তুলি; যুগ্মশিক্ষা ও গবেষণা সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোসা. শামসুন্নাহার হীরা; মিডিয়া ও প্রচার সম্পাদক ও এসবিএসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আসাদুল্লাহিল গালিব; দফতর সম্পাদক ও ব্যবসা-উদ্যোক্তা সাইফুল ইসলাম; কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংকার আসাদুল মাহবুব সালাম (নিপু); সমাজকর্মী মোহাম্মদ এরশাদ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) রফিকুল হক এবং ব্যবসা-উদ্যোক্তা মোঃ সাইফুল্লাহ। 

আরও পড়ুন

×