ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
×

মোহাম্মদ ওমর ফারুক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৬:৫৬ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৭:১৪

করোনাভাইরাস মহামারির মধ্যে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য। তিনি হলেন- এএসআই মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। রোববার রাত ৩টার দিকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নৌ-পুলিশে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার বরাতে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ওমর ফারুক ১৯৮৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। পরে প্রমোশন পেয়ে এএসআই পদ লাভ করেন। করোনা আক্রান্ত হলে কয়েকদিন আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২৭ জুন রাতে মানিকগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কনস্টেবল আতিয়ার রহমান করোনায় মারা যান। তিনিও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৩৯ সদস্য করোনায় মারা গেলেন।

আরও পড়ুন

×