ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্কালোনির আর্জেন্টাইন মাস্টারক্লাস

স্কালোনির আর্জেন্টাইন মাস্টারক্লাস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১১:১৩

২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর বয়সভিত্তিক দলের দায়িত্ব থেকে অনেকটা ঘটনাচক্রেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়ে গিয়েছিলেন লিওনেল স্কালোনি। প্রথমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালিয়ে গেলেও অনেক সমালোচনার মুখে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর মধ্যে ২০২১ সালে কোপা জিতে ২১ বছরের শিরোপাখরা ঘোচান স্কালোনি। পরের বছর তাঁর কোচিংয়ে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষা দূর করেন মেসি-আলভারেজরা।

ঘটনাচক্রে দায়িত্ব পাওয়া এই স্কালোনির শান্ত মস্তিষ্কই আজ আর্জেন্টিনার ভরসা। আজ তাঁর আরেকটি মাস্টারক্লাস আর্জেন্টিনাকে পৌঁছে দিতে পারে টানা দ্বিতীয় ফাইনালে। এরপর টানা দুই শিরোপায় অমরত্বের পথে!

চার বছরের ব্যবধানে দুই বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলায় নিশ্চয়ই অনেক মিল-অমিল আছে। তবে স্কালোনির দাবি, কাতার বিশ্বকাপের তুলনায় তিনি এবং তাঁর দল এখন অনেক বেশি অভিজ্ঞ ও পরিণত। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা ও মানসিক শক্তি আর্জেন্টিনাকে অনেক বেশি শক্তিশালী করেছে। এই আর্জেন্টিনা দল কখনও হাল ছাড়ে না।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয়ের পর দলের সেই মানসিক শক্তির প্রশংসা করেছিলেন স্কালোনি, ‘কাতারে আমরা অভিজ্ঞ ছিলাম না। এমনকি আমিও ছিলাম অনভিজ্ঞ (কোচ) এবং ওই ধরনের পরিস্থিতিগুলো ছিল ভীষণ কঠিন। তবে এখন আমরা আরও অভিজ্ঞ। কেননা, আমরা জানি প্রতিপক্ষের আধিপত্যে কোণঠাসা হয়ে পড়লে, সমতাসূচক গোল হজম করলে অনুভূতি কেমন হয়। এ ম্যাচে আমরা সংযম রেখেছি, অধৈর্য হয়ে পড়িনি। দল জানে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অবশ্যই আমরা কখনও হাল ছাড়ব না।’

দলের এই মানসিকতার পেছনে অবশ্যই স্কালোনির বড় অবদান রয়েছে। এবার তাঁর দল গোল করলেও তেমন একটা উদযাপন করতে দেখা যায় না তাঁকে। কিন্তু আবেগে ভেসে যাচ্ছেন তিনি। মিসরের বিপক্ষে জয়ের পর তো কান্না চলে আসায় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারই শেষ করতে পারেননি। আর দুটি ম্যাচে যদি এই আবেগ নিয়ন্ত্রণে রেখে সঠিক কৌশলে দল পরিচালনা করতে পারেন, তাহলে দৈবক্রমে নিয়োগ পাওয়া স্কালোনিই হবেন ইতিহাসের সেরা কোচ।

আরও পড়ুন

×