শুদ্ধাচার পুরস্কার পেলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল
সৈয়দ বেলাল হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০১:৩৫
শুদ্ধাচার পুরস্কার পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন।
এর আগেও কুষ্টিয়া জেলা প্রশাসক থাকাকালে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার গুরুত্বপূর্ণ পুরুস্কার পেয়েছিলেন তিনি।
মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের আওতাধীন দপ্তরে অধিপ্তরের দায়িত্বে থাকা ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এই কর্মকর্তা। তিনি কারা বিভাগের উইং প্রধান হিসেবে কাজ করছেন। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী গত ২১ জুন এক অফিস আদেশের মাধ্যমে তাকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও একই মন্ত্রণালয়ের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ও সুরক্ষা সেবা বিভাগের অফিস সহায়ক মো. নবী হোসেনও শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
উপসচিব প্রশাসন-১ আবদুল কাদির স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ নীতিমালা-২০১৭ অনুযায়ী পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।
এ প্রসঙ্গে পুরস্কার পাওয়া অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল সমকালকে বলেন, চাকরি জীবনে সরকারি পুরস্কার পাওয়া খুবই আনন্দের। মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের দায়িত্বে থাকাকালে যেমন পুরস্কার পেয়েছিলাম, তেমনি সচিবালয়ে দায়িত্ব পালন করে পুরস্কার পেলাম। এক্ষেত্রে বিভাগের সচিব ও অতিরিক্ত সচিববৃন্দ পুরস্কারের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে অনেক সহায়তা করেছেন।
- বিষয় :
- শুদ্ধাচার পুরস্কার
- সুরক্ষা সেবা বিভাগ