ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও এক মরদেহ উদ্ধার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ জুন ২০২০ | ০২:৪২
ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার এ তথ্য জানান। তিনি বলেন, ডুবে যাওয়া এমএল মর্নিং বার্ড লঞ্চটির ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। স্বজনহারা মানুষেরা ভিড় করেন বুড়িগঙ্গার তীরে। অনেকে নৌকা ভাড়া করে নদীর মাঝখানে তল্লাশিস্থলের কাছে জড়ো হন।
উল্লেখ্য, সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটি নোঙর করার আগেই বুড়িগঙ্গার সদরঘাটের বিপরীত দিকে ফরাশগঞ্জ ঘাটে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৩০ সেকেন্ডের মধ্যেই ডুবে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।