ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাহেদকে টক শোতে সুযোগ দেওয়া ব্যক্তিদেরও দায় রয়েছে: তথ্যমন্ত্রী

সাহেদকে টক শোতে সুযোগ দেওয়া ব্যক্তিদেরও দায় রয়েছে: তথ্যমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৮:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে যারা টক শোতে সুযোগ দিয়েছিলেন তাদেরও দায় রয়েছে, কারণ সে টক শোকে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করতো।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। 'সরকারের মদদে রিজেন্টের অনিয়ম'- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ মন্তব্য জবাবে তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, 'রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারই উদঘাটন করেছে, অন্য কেউ নয়। বিএনপিও এ নিয়ে আগে কোনো প্রশ্ন তোলেনি। সরকারি সংস্থা নিজেই রিজেন্ট হাসপাতালের দু'টি শাখায় অভিযান চালিয়েছে ও তাদের বিরুদ্ধে মামলা করেছে, গণমাধ্যমের কোনো প্রতিবেদনের ভিত্তিতে নয়। এরপর এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।'

তিনি আরও বলেন, 'পত্রপত্রিকার রিপোর্টে দেখা গেছে, সাহেদ বিএনপি আমলে হাওয়া ভবনের সাথে যুক্ত ছিলেন, এরপর দু'বছর জেলেও ছিলেন। রিপোর্ট অনুযায়ী কয়েক মাস আগেও যুবদল নেতাকে সামনে রেখে সাহেদ যখন তারেক রহমানের সাথে স্কাইপে কথা বলেন, তখন সেটি কাদের মদদে ঘটে', মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখেন ড. হাছান। 

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'সাহেদ প্রতারণার কাজে কখনো নিজেকে মেজর, কর্নেল, আওয়ামী নেতা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এমন নানা পরিচয় দিয়েছেন যা সত্য নয়। আমরা তদন্ত করে দেখেছি, তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না।'

ড. হাছান মাহমুদ আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, দুর্নীতিবাজদের পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে সাহেদ ও এমন আরো প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে বিএনপিনেতা রুহুল কবির রিজভী বলেছেন, 'বাংলাদেশের বিমানকে করোনা বোমা বলা হচ্ছে।' এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'রিজভী সাহেবের এ বক্তব্য বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে। বিশ্বের কোনো দেশেই করোনার কারণে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বাংলাদেশের যাত্রীদের করোনা আক্রান্ত বলে মনে করায় ফেরত পাঠিয়েছে ইতালি।'

 এ সময় রুহুল কবির রিজভীকে বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ও দেশের পক্ষে কথা বলার আহ্বান জানান হাছান মাহমুদ।

এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুকে দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সর্বজনশ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহারা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন। ২০০৭ সালে শেখ হাসিনাকে কারাবন্দি করা হলে তার মুক্তির জন্য আইনী ও রাজনৈতিক লড়াইয়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। আওয়ামী লীগের সকল দুঃসময়ে তিনি বিপদের মুখোমুখি দাঁড়িয়েছেন, অনেকবার কারাবরণ করেছেন। আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশের রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার নেতা সাহারা খাতুনের মৃত্যু আওয়ামী লীগ তথা দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।' 

আরও পড়ুন

×