ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনাকাল

ফোনকলেই বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

ফোনকলেই বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার
×

অক্সিজেন ব্যাংক গঠন নিয়ে মঙ্গলবার কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন - সমকাল

সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ১২:০০

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটা সংকটময় অবস্থা চলছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা ও মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে অনেকেই সামর্থ্য অনুযায়ী সাড়াও দিয়েছেন। আর এমন সাড়া পেয়ে মানুষের মনে সাহসের সঞ্চার হচ্ছে। দেশের অন্যান্য এলাকার মতো মহামারির এই কঠিন সময়ে কিশোরগঞ্জেও মানবিক কাজে এগিয়ে এসেছেন একদল তরুণ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তদের বাঁচাতে কাজ করে যাচ্ছেন তারা। করোনার সবচেয়ে বিপজ্জনক উপসর্গ শ্বাসকষ্টে যেন কেউ মৃত্যুর কোলে ঢলে না পড়েন সেজন্য তারা বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, অন্যান্য সহায়তাও করছেন এই তরুণরা। তাদের এই মহৎ কার্যক্রমের মধ্য দিয়ে হতাশাকে দূরে ঠেলে মনে সাহস পাচ্ছেন অসহায় অসুস্থ মানুষজন।
মঙ্গলবার জেলা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে উদ্যোক্তা লুৎফুল্লাহ হুসাইন পাভেল, ডেঙ্গু রোধে কিশোরগঞ্জের সমন্বয়ক শহীদুল হক লাভলু এবং বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট কার্যক্রমের সমন্বয়কারী এহতেশামুল হুদা মুনাব্বী এই সেবা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের জানান।
তারা জানান, করোনা রোগী স্বাস্থ্যগত জটিলতার কারণে আতঙ্কে বিমর্ষ হয়ে পড়েন। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়। এ অবস্থায় তাদের অক্সিজেনের প্রয়োজন দেখা দিতে পারে। এমন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। এজন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববির নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা এ কার্যক্রম বাস্তবায়নের জন্য কয়েকশ' স্বেচ্ছাসেবক কাজ করবেন।
শহরের কেন্দ্রস্থল জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় অক্সিজেন সিলিন্ডারের মজুদ রয়েছে। উদ্যোক্তাদের নম্বরে টেলিফোন করার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন লাগিয়ে দেবেন। প্রথম পর্যায়ে পৌরসভার অভ্যন্তরে কাজটি করা হলেও প্রয়োজনে তা পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। তাদের এই কার্যক্রমের খবর পেয়ে কিশোরগঞ্জ শহরবাসীর মাঝে সাহস ও মনোবল অনেকটাই বেড়ে গেছে। তারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী বলেন, এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। শহরের রোগীদের জন্য অক্সিজেন সংকট হবে না এমন সংবাদে শহরবাসী উৎফুল্ল। এই মানবিক কাজে যারা জড়িত তাদের উদ্যোগ আরও বেগবান হোক, সেই প্রত্যাশা করেন তিনি।
এই ব্যতিক্রমী কাজের বাইরে উদ্যোক্তারা এর আগে গণসচেতনতা তৈরির জন্য ২৫ হাজার লিফলেট বিতরণ করাসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু রোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন

×