ক্যাসিনোকাণ্ড: ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৭:১৫
ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জানা যায়, জয় গোপাল ওয়ান্ডার্স ক্লাবের একজন ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে পরিচালনা পর্ষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হয়ে ক্যাসিনো পরিচালনায় প্রত্যক্ষ সহযোগিতা করেন।