ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদযাত্রায় গণপরিবহনের চলা না চলা নিয়ে বিভ্রান্তি

ঈদযাত্রায় গণপরিবহনের চলা না চলা নিয়ে বিভ্রান্তি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৯:০৮ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৯:১৪

ঈদে গণপরিবহন চলবে না বন্ধ থাকবে; এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র সমকালকে জানিয়েছে, ঈদযাত্রায় গণপরিবহন বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে পরিবর্তন আসছে। আজকালের মধ্যে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে পরে ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করতে মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু পরদিন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কাছ থেকে বার্তা আসে, সিদ্ধান্ত বদল হবে। ঈদে শর্তসাপেক্ষ গণপরিবহন চলাচল করতে পারবে। অন্যান্য বছরের মতো বন্ধ রাখা হবে পণ্যবাহী যান।

একই দিন মন্ত্রিপরিষদ বিভাগের বরাতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, ঈদের আগে পাঁচ দিন এবং পরের তিন দিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। কয়েক ঘণ্টা পর তিনি বক্তব্য বদল করে জানান, গণপরিবহন নয়, ঈদের আগের পাঁচদিন ও পরের তিনদিন সড়কে কোরবানির পশু, নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বাকি পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রীর এ বক্তব্যেও বিভ্রান্তি কাটেনি। পরিবহন মালিক ও যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন, ঈদে গণপরিবহন চলবে না বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা সৃষ্টি হয়। খালিদ মাহমুমদ চৌধুরী নিশ্চিত করেন, ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ, ফেরি চলবে। তবে  পণ্যবাহী নৌযান বন্ধ থাকবে।

গণপরিবহনের বিষয়ে সড়ক পরিবহন বিভাগ এবং বিআরটিএ মুখ না খুললেও, সংস্থাটির ঊর্দ্ধতন কর্মকর্তারা সমকালকে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে সরকারের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এতে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে অর্ধেক আসন ফাঁকা রেখে বাড়তি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে যেভাবে বাস ও অন্যান্য যাত্রীবাহী যান সড়কে চলেছে, ঈদযাত্রায় একই পদ্ধতিতে চলবে। তবে নতুন কিছু শর্তারোপ করা হতে পারে।

তবে মঙ্গলবার সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরে বিআরটিএ চেয়ারম্যানকে পাঠানো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠিতে বলা হয়েছিল, ’মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার সময় জনগণের যাতায়ত সীমাবদ্ধ করার নিমিত্তে ঈদুল আজহার পাঁচদিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার প্রজ্ঞাপন/আদেশ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জসিম উদ্দিন চিঠির সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেছেন, মঙ্গলবার অফিস চলাচলে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ গণপরিবহন চলাচল বন্ধ করা হয়। ৬৮ দিন পর ১ জুন থেকে ফের বাস ও অন্যান্য যাত্রীবাহী যান অর্ধেক আসন খালি রেখে চলছে। ঈদুল ফিতরের সময় বাস, ট্রেনসহ সব যাত্রীবাহী যান বন্ধ থাকে। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সমকালকে বলেছেন, ঈদে বাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত তারা সরকারের কাছ থেকে পাননি।

২৪ মার্চ সন্ধ্যা থেকে ৬৮ দিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলছে। রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ঈদুল আজহায় ট্রেন চলবে কী তা সরকারের সিদ্ধান্ত। তবে রেল সূত্র জানিয়েছে, ঈদে ট্রেন চলবে। তবে বর্তমানের সময়ের মতোই সীমিত ও অর্ধেক আসন খালি রেখে চলবে।

আরও পড়ুন

×