ব্র্যাকের কর্মশালা
পারিবারিক আদালতে বিচারাধীন ৭২ হাজারের বেশি মামলা
ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২১:১০
পারিবারিক বিরোধে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের পারিবারিক আদালতে বর্তমানে বাহাত্তর হাজারেরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে চার হাজার ছয়শ’র বেশি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।
সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘যথাসময়ে বিচার নিশ্চিত করতে পারিবারিক আদালতের পদ্ধতিগত জটিলতা নিরসন’ শীর্ষক জাতীয় কর্মশালায় এই তথ্য জানানো হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) ও জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।
কর্মশালায় বিচার বিভাগ, নীতিনির্ধারক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন। এতে পাঁচটি বিভাগীয় কর্মশালা থেকে উঠে আসা সুপারিশগুলো পর্যালোচনা করা হয়। বিভাগীয় কর্মশালাগুলোতে ৫১ জেলার ১১৭ জন বিচারক ও ১০ জন আইনজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সমন জারি করার মতো প্রক্রিয়াগত জটিলতাই বিচারপ্রাপ্তিতে বড় বাধা হিসেবে কাজ করছে।
কর্মশালায় প্রস্তাবিত মূল সুপারিশগুলোর মধ্যে ছিল- বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বাধ্যতামূলক করা এবং এর আইনি বৈধ প্রদান, ডিক্রি বাস্তবায়ন পদ্ধতি সহজ করা এবং বিয়ের রেজিস্ট্রেশন ও মামলার অগ্রগতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানে এছাড়াও অংশগ্রহণকারীরা উত্তরাধিকার ও পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলোকে পারিবারিক আদালতের আওতায় আনা পৃথক পারিবারিক আদালত ও আপিল আদালত প্রতিষ্ঠার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দেশের পারিবারিক আদালতগুলোতে সবার জন্য সময়মতো এবং ন্যায়সঙ্গত বিচার প্রাপ্তি নিশ্চিত প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
- বিষয় :
- প্রধান বিচারপতি
- ব্র্যাক
- কর্মশালা
