টিএসসিতে একই সময়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি
২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার দাবি বাগছাসের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ২২:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একই সময়ে কর্মসূচি পালন করেছে ছাত্রদল এবং ছাত্রশিবির। গোপালগঞ্জে জুলাই নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ এবং কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল মশাল মিছিল করেছে। এরমধ্য দিয়ে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রকাশ্যে কোনো মিছিল করল।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে ছাত্রশিবির রাজু ভাস্কর্য হয়ে ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করে। অন্যদিকে টিএসসি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি সংলগ্ন ডাসের বিপরীত পাশে ছাত্রদল সমাবেশ করে।
এছাড়া গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রসংসদ টিএসসির ডাসের সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের ডিসি-এসপির প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার তিন দফা দাবি জানিয়ে বলেন, পুলিশকে সংস্কার করতে হবে, যাতে আর রাজনৈতিক হামলা না হয়। গোপালগঞ্জে লুকিয়ে থাকা সন্ত্রাসীলীগসহ সারাদেশে আওয়ামীদের গ্রেপ্তার করতে হবে; গোপালগঞ্জের ডিসি এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, সেখানে দেশপ্রেমী ডিসি-এসপি বসাতে হবে।
তিনি বলেন, গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের ওপর হামলার সময় পুলিশের চুপচাপ দাঁড়িয়ে থাকা আমাদের নতুন করে ভাবিয়েছে। ইন্টেরিমকে হুঁশিয়ার করি, পুলিশ সংস্কার না করলে ছাত্রজনতা মাঠে নামব। আর গোপালগঞ্জ ইন্ডিয়ার মাটি নয়, হাসিনা ইন্ডিয়া থেকে গোপালগঞ্জের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাকে ইন্ডিয়া থেকে এনে ফাঁসিতে ঝুলানো হবে।
ছাত্রসংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, এই হামলাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার সুযোগ নাই। এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ আর নিরাপদ থাকবে না।
ঢাবি ছাত্রসংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, পুলিশ চুড়ি পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। অনতিবিলম্বে পুলিশ সংস্কার করতে হবে। ডিসি-এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ঢাবি শাখা ছাত্রসংসদের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের ওপর হামলা হয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের ওপর নয়। এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই।
ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিক কায়েম বলেন, আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলি, কালচারাল ফ্যাসিস্টরা এটাকে মব বলে। আমরা হুঁশিয়ার করি, হাসিনার দোসরদের বাংলাদেশে জায়গা হবে না। সরকারকে বলবো, আপনারা ভোগ বিলাসের জন্য বসেননি। জুলাইয়ের রক্তের ওপর ক্ষমতায় বসেছেন। না পারলে পদত্যাগ করেন। আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, এই ইন্টেরিমকে আমরা শহীদের রক্তের ওপর বসিয়েছি, তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বায়তুল মোকাররমের খতিবসহ আওয়ামী লীগের তিনশো এমপি পালিয়ে যায় কিন্তু গোপালগঞ্জে গুটি কয়েক রয়ে যায়। প্রত্যেকটা জায়গায় এই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল শাকিল বলেন, খুনি হাসিনার সন্ত্রাসীরা গোপালগঞ্জকে ক্যান্টনমেন্ট বানিয়েছে। আমরা জানাতে চাই- জুলাইয়ের রক্ত শুকিয়ে যায়নি। বাংলাদেশে ফ্যাসিবাদীদের জায়গা হবে না। আপনারা ব্যর্থ হলে আমরা গোপালগঞ্জ দখল নিব।
এ দিকে সারাদেশে অব্যাহত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রদলের মশাল মিছিলে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বক্তব্য দেন।
গণেশ বলেন, পাঁচ আগস্ট পরে গঠিত অন্তর্বর্তী সরকার সর্বজন স্বীকৃত ছিল। আপামর জনতা ড. ইউনূসের সরকারের ওপর আস্থা ভরসা রেখেছিল। কিন্তু এক বছর হতে চলল। কিন্তু আইনশৃঙ্খলা অবনতি হয়েই চলেছে। গত এক বছরে ১ হাজার ২৪৫ জন হত্যার শিকার হয়েছে। কিন্তু পদক্ষেপ দেখিনি। গত পরশু দিন কক্সবাজারে জামায়াতের ঘাতক বিএনপির যুগ্ম সম্পাদক রহিম উদ্দীন সিকদারকে হত্যা করেছে।
নাহিদুজ্জামান শিপন বলেন, পাঁচ আগস্টের পরে যে রাজনীতি চর্চা আমরা আশা করেছি। কিন্তু আগস্ট পরবর্তী বাংলাদেশের শিক্ষাঙ্গনে নীতিভ্রষ্ট লম্পটের রাজনীতি দেখেছি। তারা বলল ছাত্ররাজনীতি চলবে না। তারা একটু টেকনিক করে। তারা চাঁদা তোলে না হাদিয়া তোলে। তারা হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে। কক্সবাজারে জুলাই আগস্টে নেতৃত্ব প্রদানকারীদের হত্যা করেছে। এভাবে তারা সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনছে। আপনারা আলোর পথে আসুন, স্বৈরাচার দিল্লিতে গেছে, রাজাকার পিন্ডিতে যাবে।
- বিষয় :
- টিএসসি
- ছাত্রদল
- ছাত্রশিবির
