সোনার বাংলা বিনির্মাণে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মাহবুব আলী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৯:১১ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৯:৪৫
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে দেশের সকল সেক্টরের উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে হবে। ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশ গড়তে পর্যটনের উন্নয়নের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বগুড়া জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ, আমাদের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি ১৯৭২ সালের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। এই বিষয়গুলো আমাদের পর্যটনকে বিকশিত করার মূল অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সারা পৃথিবীতে বাংলাদেশ পরিচিত ছিল বীরের জাতি হিসেবে। আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধুর মৃত্যুর পর পরবর্তী সময়ে বাংলাশে সারা পৃথিবীতে পরিচিত পেয়েছিল ক্ষুধা-দারিদ্র্য, বন্যা, অনাহার-অর্ধাহারে ভুক্তভোগী একটি দেশ হিসাবে।
তিনি বলেন, বর্তমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছে। বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি চেষ্টা করছেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মানের। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
প্রতিমন্ত্রী বলেন, একটি দেশ পর্যটনে উন্নত হওয়ার জন্য যা যা পূর্বশর্ত প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে তার সকল উপাদান বিদ্যমান রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও তত্বাবধানে পদ্মা সেতু, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, মেট্রোরেল, কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ, আঞ্চলিক এভিয়েশন হাভে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার ও সৈয়দপুরে বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর দুটির ব্যাপক উন্নয়নে কর্মকান্ড সাধন এবং ঢাকা শহরে পাতাল রেল তৈরি করাসহ নানা মেগা প্রকল্প বর্তমানে বাস্তবে রূপ নিচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।