ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জবিসাসের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জবিসাসের মানববন্ধন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ | ২১:৩১

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। শুক্রবার জুমার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জবিসাসের দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাকেরুল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

জবিসাসের সহসভাপতি ও দ্য ডেইলি সানের প্রতিবেদক আসাদুল ইসলাম বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জবিসাসের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক ইমরান হুসাইন বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। 

এ সময় উপস্থিত ছিলেন- জবিসাসের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. জুনায়েত শেখের সঞ্চালনায় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি নুর আলম, কার্যনির্বাহী সদস্য ও আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দ্য নিউ নেশনসের আব্দুর রাকিব, আমাদের সময়ের রাকিবুল ইসলাম, ডেইলি স্টারের রাকিব মাদবর প্রমুখ।

আরও পড়ুন

×