ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৭৫ কোটি টাকা কর ফাঁকি

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা 

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা 
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:২৫

কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার ক্ষেত্রে কর ফাঁকি দিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ৭৫ কোটি টাকা কর ফাঁকির তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এই অভিযোগে তারা দুজনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বুধবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। গতকাল এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাধারণত পণ্য আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার ঘটনা ঘটে থাকে। অবৈধভাবে অর্জিত হাতের নগদ টাকা (কালো টাকা) বৈধ করার ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার ঘটনা বিরল।

দুদকের করা মামলার এজাহারে বলা হয়, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বৈধ করার জন্য রাজস্ব বিভাগ থেকে ১২৫ কোটি টাকা আয়কর নির্ধারণ করা হয়েছিল। পরে তারা ৫০ কোটি টাকা কর পরিশোধ করলেও বাকি ৭৫ কোটি টাকা ফাঁকি দিয়েছেন। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এসএভিপি (আইসিটি বিভাগ) মো. আহসানুল হক ও রুহুল আবেদীন, ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার বরখাস্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখাপ্রধান মুহাম্মদ আমির হোসেন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মুহাম্মদ ইয়াকুব এবং চট্টগ্রাম কর অঞ্চল-১-এর সাবেক উপকর কমিশনার (বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় সংযুক্ত) আমিনুল ইসলাম। 
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। 
 

আরও পড়ুন

×