বিমানের নিয়োগ পরীক্ষা
অসদুপায় অবলম্বনে বহিষ্কার ১৩, সাত জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০০
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞিপ্ততে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা হয়। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিমান কর্মকর্তারা জানান, পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে দুজনকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে থানায় দেওয়া হয়। তারা বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও যে কোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে মামলাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
