জেলা পর্যায়ে শেষ হলো যুক্তির লড়াই
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল মিলনায়তনে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে গতকাল বুধবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল সমকাল
গাইবান্ধা ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে গতকাল বুধবার। এদিন বিভিন্ন বিষয়ে যুক্তির লড়াইয়ে নামে বিতার্কিকরা।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল খাগড়াছড়ি ও গাইবান্ধায় দিনব্যাপী প্রতিযোগিতা হয়।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল মিলনায়তনে আয়োজিত বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। রানার্সআপ হয়েছে টিউফা আইডিয়াল হাই স্কুল। সেরা বিতার্কিক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী মণি কর্নিকা খীসা।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনজীবী নেতা জসিম উদ্দিন মজুমদার এবং খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দুলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা গোমতী বি কে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী এবং সাংবাদিক চিংমেপ্রু মারমা।
অংশগ্রহণকারী স্কুলগুলো হলো– সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এবং এপিবিএন উচ্চ বিদ্যালয় অন্যতম। চূড়ান্ত বিতর্কে বিজয়ী চ্যাম্পিয়ন দল আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় উৎসবে অংশ নেব।
গাইবান্ধা
গাইবান্ধা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের প্রধান সাফা মাগফিরাত তুরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধার উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক হেদায়েতুল ইসলাম। বিতর্ক শুরুর আগে বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে যারা বিতর্কে যুক্ত থাকে তারা মাদকসহ আরও নানা খারাপ প্রলোভন থেকে দূরে থাকতে পারে। এমন প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, লেখক ও শিক্ষক রঞ্জু খন্দকার, সহকারী শিক্ষা কর্মকর্তা তাহেরা নাজনীন ও উপসহকারী ভূমি কর্মকর্তা কবির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, সমকালের জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মাসুম লুমেন, সমকালের গোবিন্দগঞ্জ প্রতিনিধি এনামুল হক, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সহসভাপতি ইঞ্জিনিয়ার রোকন-উদ-দৌলা প্রমুখ।
- বিষয় :
- বিতর্ক উৎসব
