ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমস্যা মোকাবিলার সাহস জোগায় যুক্তি

বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

সমস্যা মোকাবিলার সাহস জোগায় যুক্তি
×

ময়মনসিংহ নগরীর টাউন হলে অবস্থিত তারেক স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার ১১তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসবের বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা -সমকাল

 খুলনা ব্যুরো ও নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

খুলনা ও ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল শনিবার দুই বিভাগে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

খুলনা
খুলনা বিভাগের ১০টি জেলার সেরা বিতার্কিকদের ক্ষুরধার যুক্তিতর্কে দিনভর উৎসবমুখর ছিল খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী দলের নেতা ইমরান খান সেরা বক্তা নির্বাচিত হয়েছে। 
সকালে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। সমন্বয়ক ছিলেন সমকালের সহকারী সম্পাদক ও হেড অব ইভেন্টস হাসান জাকির। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

বিচারকের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রাক্তন বিতার্কিক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সারওয়ারে আখতার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম ও ড. মো. সালাউদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় ও খুলনা নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সউদ আল ফয়সাল রাজু।
চ্যাম্পিয়ন দলের সদস্য শেখ মো. সিয়াম হোসেন, শেখ জুবায়ের আহমাদ ও ইমরান খানের ভাষ্য, চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে। আশা করছি, আমরা জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনার স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। এ ছাড়া সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মাহদী হাসান সীন, সুমাইয়া সিদ্দিকা, জাহিদ হাসান ও তায়েবা চৌধুরী, সমকালের ফটোসাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর টাউন হলে অবস্থিত তারেক স্মৃতি মিলনায়তনে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আয়োজন করা হয়। বিভাগের সাত জেলার চ্যাম্পিয়ন দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। রানার্সআপ হয়েছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের সাগ্নিক সরকার।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে দুই দলই তাদের যুক্তির ধার দেখায়। শিক্ষাবিদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপসচিব মশিউল আলম, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের উৎসব শিক্ষার্থীদের কেবল বিজ্ঞানমনস্কই করে না, বরং যুক্তি দিয়ে যেকোনো সমস্যা মোকাবিলার সাহস জোগায়। 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শওকত হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ব্যবসায়ী মাহবুব রেজা করিম মুরাদ সিআইপি, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. আসাদুজ্জামান ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী। 

আরও পড়ুন

×